নোবিপ্রবির ভিসির দায়িত্বে ঢাবির অধ্যাপক দিদারুল

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ জুন ২০১৯


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। তিনি নোবিপ্রবির ৫ম উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

আজ ১২ জুন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। নোবিপ্রবির বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান গত ১ জুন তার চার বছর মেয়াদকালের শেষ কার্যদিবস পালন করেন। ফলে গত ২ জুন থেকে উপাচার্যের পদটি খালি ছিল। তবে নতুন উপাচার্য নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দিন।

বুধবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ‍“রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. দিদারুল আলমকে (সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ) নোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো।”

জানা যায়, অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ১৯৬৯ সালে নারায়ণগঞ্জের জয়গোবিন্দ হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হন।

সেখান থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে যান। সেখান থেকে ১৯৯০ সালে প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সিলেকশন গ্রেডের এ অধ্যাপক। এছাড়াও কর্মজীবনে অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।

প্রসঙ্গত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে দেশের ২৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে । একই সঙ্গে এটি দেশের ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।