সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

পত্রিকায় লেখার আগে মালিকদের বলুন খেলাপি ঋণ পরিশোধ করতে

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ জুন ২০১৯


১০ বছরেও সরকার খেলাপি ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পত্রিকা ও টিভি মালিকদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিডিয়া মালিকরা কে কত টাকা ঋণ নিয়ে কত টাকা পরিশোধ করেছেন, সে হিসাব সামনে আনার জন্য বলেছেন তিনি।

১৪ জুন, শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৩ হাজার কোটি টাকা, যা সর্বশেষ ১ লাখ ১১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এই হিসাব তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, “সরকার অনান্য ক্ষেত্রে সফল হলেও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সফল হতে পারছে না কেন?”

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পত্রিকায় কাজ করেন কারা? আপনারা আপনাদের মালিকদের একটু খোঁজ নিবেন। পত্রিকার মালিকরা কে কোন ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছেন। সব ব্যাংক থেকে এই তথ্য বের করেন। যত মিডিয়া আছে, প্রত্যেকে বলবেন, কোন মালিক কোন ব্যাংকের কত টাকা ঋণ নিয়ে কত টাকা শোধ দেননি। তাদের বলবেন ঋণ পরিশোধ করতে। পরিশোধ করে তারপর আপনাদের পত্রিকায় এ বিষয়ে লিখবেন।”

শেখ হাসিনা বলেন, “আমাদের এখানে সুদের হার অনেক বশি। ব্যাংকগুলোতে চক্রবৃদ্ধি হারে সুদ হয়। আবার খেলাপি ঋণের হিসাব যখন দেওয়া হয়, চক্রবৃদ্ধি হারে সুদ যোগ হয়ে যে ঋণের পরিমাণটা দাঁড়ায়, সেই হিসাব প্রকাশ করা হয়। ফলে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি দেখায়। প্রকৃত ঋণ আসলে অতটা নয়।”

খেলাপি ঋণ নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “চক্রবৃদ্ধি হারে সুদসহ খেলাপি ঋণ ধরা হয়। এ ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা আছে। ধীরে ধীরে বিষয়গুলো অ্যাডজাস্ট করা হচ্ছে। আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আর আমরা আগেও বলেছি, খেলাপি হয়ে যাওয়া ঋণও শোধ দেওয়ার সুযোগ দেবো, সেই প্রক্রিয়া চলছে।”