আজ মহান শিক্ষক দিবস

আমার একজন শিক্ষক আছেন যাকে সারাদেশের মানুষ চেনে

হাবিবুর রহমান
সোমবার, ১১ নভেম্বর, ২০১৯


আজ বিশ্ব শিক্ষক দিবস। আমার একজন শিক্ষক আছেন যাকে সারাদেশের মানুষ চেনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ি শুনলেই পরবর্তী প্রশ্নটা হচ্ছে- আসিফ নজরুল স্যার তোমাদের কী পড়ায়? আমি বলতাম,' স্যার অনার্সে পড়ান না, মাস্টার্সে আন্তর্জাতিক পরিবেশ আইন পড়ান।' কিন্তু  সত্যি কথা  বললে কেউ কেউ মনে করেন আসলে আমি ঢাবিতে পড়ি না, ঢাবিতে পড়লে কেউ আসিফ স্যারের ক্লাস পাবে না এটা হয় না। 

একজন তো বললো, 'তুমি আসলে জানোই না, আসিফ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবিধান পড়ান।' তারপর থেকে আমি আর সত্যি বলি না, এখন বলি: স্যার আমাদের আন্তর্জাতিক পরিবেশ আইন  পড়ান। (আমাদের ইনক্লুডস অল স্টুডেন্টস অব ডিইউ ল)। 

শুধু রাস্তাঘাটে সাধারণ মানুষ জিজ্ঞেস করে এমন না। এক ভাই বললেন, তাকে একটি বড় মাপের  সরকারি চাকরির ভাইভায় জিজ্ঞেস করা হয়েছে, 'প্রফেসর আসিফ নজরুল সম্পর্কে আপনার মতামত কী?' 

স্যারের সাথে আমাদের মজার স্মৃতি হচ্ছে  ২০১৭ সালের ১৩ ডিসেম্বর। পিকনিক ডিবেট। আইন বিভাগের 'ছাত্র ভার্সেস শিক্ষক', টপিক ছিল 'প্রেম আইন মানে না'। শিক্ষকদের টীমে স্যার ছিলেন, আমি ছিলাম ছাত্রদের পক্ষে। 

আমার ঠিক পরেই ছিল স্যারের বক্তব্য। স্যার শুরুতেই বললেন,' আমি একটা বিষয় কনফেস করতে চাই; আমি জীবনে শত শত টক-শো করেছি, কেউ কোনোদিন আমার সামনে দাঁড়াতে পারেনি। কিন্তু আজ মনে হচ্ছে  আমি ওদের যুক্তির সামনে দাঁড়াতে পারছি না।'

তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে আমরা ছাত্ররা জিতেছিলাম। স্কুল কলেজের বইপত্র পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা  বুদ্ধিজীবী সম্পর্কে যে ধারণা জন্মেছিল বিশ্ববিদ্যালয়ে এসে দেখি পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। অল্প কিছু ব্যতিক্রম আছে। তাদেরই একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুল।