ঢাবি ‘খ’ ইউনিটে পাস করেছে ১০ হাজার ভর্তিচ্ছু

ঢাবি প্রতিনিধি
রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০হাজার ১৮৮ জন ভর্তিচ্ছু। শতকরা হিসেবে পাসের হার মোট পরীক্ষার্থীর ২৩.৭২ শতাংশ। ১৩ অক্টোবর, রোববার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি ও তথ্য কেন্দ্র (কক্ষ নং-২১৪) থেকে এই ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

উপাচার্য জানান, খ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮ জন হলেও শেষ ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৯৫৪ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নৈর্ব্যক্তিক অংশে পাস করেন ১৮ হাজার ৫৮১ জন।  নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে পাশ করেছেন ১০ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী। আর ৩২ হাজর ৭৬৬ জন পরীক্ষায় পাশ করতে পারেননি।

গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশে ৩ সপ্তাহ সময় লাগার বিষয়ে উপাচার্য বলেন, এ বছর লিখিত পরীক্ষা থাকায় এ সময় লেগেছে। ১৮ হাজার ৫৮১ টি খাতার লিখিত অংশ দেখতে হয়েছে।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।  এ ছাড়াও DU স্পেস KHA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ  ফলাফল পাওয়া যাবে।