রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধীতা স্রেফ গালগল্প: দাবি সৌমিত্রের

এম.এস.আই খান
শনিবার, ০৩ আগস্ট, ২০১৯


রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করেছেন বলে যে কথা বলা হয় তার বিরোধীতা করেছেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “যে কথাগুলো বলা হয় তা একান্তই কল্পিত। মানে গালগল্প, এগুলোর কোন ভিত্তি নেই।”

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্বিদ্যালয় সাহিত্য সংসদ আয়োজিত ৫১তম সাহিত্য আড্ডায় তিনি এই মন্তব্য করেন। রবীন্দ্রনাথ, বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এক এবং অভিন্ন। এটি ছিল এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন সৌমিত্র শেখর।

গত ৪ মে বাঙালির রবীন্দ্রনাথ শীর্ষক ওই সাহিত্য আড্ডায় অধ্যাপক সৌমিত্র বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ নিয়ে একটি গবেষণা আমি এক বছর ধরে করেছি। এটি বই আকারে বেরুবে আগামী বছর। আমরা এখানে দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্ক কত সুন্দর এবং মধুময় ছিল।”

তিনি বলেন, “আমারা অনেক তথ্য পেয়েছি যেখানে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল। রবীন্দ্রনাথ অনেক লেখালিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু হলের জন্যে। তখন তিনটে হল; একটা হচ্ছে সলিমুল্লাহ হল, জগন্নাথ হল, আরেকটা হচ্ছে ঢাকা হল। সেই ঢাকা হলকে এখন ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল নাম দেওয়া হয়েছে।”

“এ তিনটে হলের ছাত্র সংসদের জন্যে রবীন্দ্রনাথ অনেক লেখা পাঠিয়েছেন। সলিমুল্লাহ হলে রবীন্দ্রনাথকে আজীবন সদস্য করা হয়েছে তার ছাত্র সংসদে। কেন করা হয়েছে? কারণ হচ্ছে রবীন্দ্রনাথ তাদের জন্যে ভেবেছেন। রবীন্দ্রনাথ যখন এসেছেন তখন সবচাইতে ভাল এবং বর সংবর্ধনার আয়োজন করেছে সলিমুল্লাহ হল।” যোগ করেন ড. সৌমিত্র শেখর।