মোটরবাইক দুর্ঘটনা: কুয়েতে বাংলাদেশি যুবকের মৃত্যু

বিদেশ ডেস্ক
রবিবার, ১৬ জুন ২০১৯


মোটরবাইক দুর্ঘটনায় কুয়েত রাকিবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহত রাকিবুল গ্রামের বাড়ি বাংলাদেশের গাজিপুরের কাসেমপুর সুরাবাড়ী ৫ নং ওয়ার্ডে। তার বাবার নাম মো. আবুল কালাম।

নিহতের মামা কুয়েত প্রবাসী মোহাম্মদ শরিফ বলেন, ‌‘রকিবুল আমারা ভাগিনা। সে এক বছর আগে ফ্রী ভিসা নিয়ে কুয়েতে আসে। পরিবারের বড় সন্তান ছিল রকিবুল। চার ভাই বোনের মধ্যে সে সবার বড়।

কুয়েতে একটি কোম্পানিতে মোটরবাইকে করে মালামাল ডেলিভারী দেয়ার কাজ করতো। গত ১৭ মে রাত ৮ টায় ডেলিভারী দিতে গিয়ে ৬ নং রোডের মিসিলা এলাকায় পেছন থেকে একটি গাড়ী তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে। পরে মোবারক আল কাবীর হাসপাতালের আইসিউ তে তাকে ভর্তি করা হয় । প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ১৪ জুন, শুক্রবার সকাল ৭ টার দিকে সে মারা যায়। 

বর্তমানে তার মরদেহ হাসপাতলের হিমাগারে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব লাশ দেশে পরিবারের কাছে পাঠানো ব্যবস্থা চলছে। এদিকে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতাম। পরিবারের বড় সন্তানকে হারিয়ে তার বাবা-মা ও ভাই-বোন কান্নায় ভেঙে পড়েছেন।