হল প্রাঙ্গনে গাছ লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদ। “গাছ লাগাই পরিবেশ বাচাই” এ স্লোগানকে ধারণ করে ৩ আগস্ট, শনিবার বেলা ১১টার দিকে হলের বিভিন্ন স্থানে ফলজ ও ওষুধি গাছ লাগানো হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মোঃ নিজামুল হক ভূইয়াসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) শহিদুল হক শিশির, সাধারণ সম্পাদক (জিএস) মেহেদী হাসান মিজানসহ হল সংসদের সম্পাদক ও সদস্যরা।
হল সংসদের সহ-সভাপতি শহিদুল হক শিশির বলেন, ‘‘গাছকে বলা হয় পরিবেশ বন্ধু। আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান অক্সিজেন সরবরাহ করে গাছ। আমরা ছাত্রদের সুবিধার কথা মাথায় রেখে ফলজ ও ওষুধি গাছ রোপন করেছি। যা পরবর্তিতে ছাত্রদের উপকারে আসবে।’’
শিশির জানান, শোকাবহ আগস্ট উপলক্ষে হল সংসদের নেওয়া মাসব্যাপী কর্মসূচির নির্ধারিত অংশ ছিল বৃক্ষ রোপন কর্মসূচি। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এই কর্মসূচি বাস্তবায়নে সাহায্য করেছেন। তিনি হল সংসদকে প্রায় শ খানেক গাছ দিয়েছেন।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মেহেদী হাসান বলেন, ‘‘আমরা ১২ প্রজাতির গাছ লাগিয়েছি। হলের বিভন্ন ফাকা স্থানে গাছগুলো লাগানো হয়েছে। ঢাকা শহরে যে হারে গাছের হার কমে যাচ্ছে তা আমাদের জন্য একটি বড় হুমকি। আমরা আহ্বান রাখবো মুহসীন হল সংসদের মত করে শহরের সবাই গাছ লাগানোর দিকে নজর দিলে আমরা অন্য রকম একটি শহর পাব।’’