সভাপতি সোহাগ, সম্পাদক সিয়াম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড.মুহম্মদ শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ আরিফুল হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিয়াম শিকদার।
২ নভেম্বর, শনিবার রাতে হল ডিবেটিং ক্লাবের কক্ষে সংগঠনটির মডারেটর ড. এনামুল হক এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সাধারণ সম্পাদক নোমান সুমন, ডিইউডিএসের বর্তমান সভাপতি আব্দুল্লাহ ফয়সাল, শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি জাবের খান এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগরসহ ক্লাবের অনান্য বিতার্কিকরা।
শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল হাসান সোহাগ বলেন, আমাদের সকলের চিন্তা-ভাবনা হবে সামষ্টিক উন্নয়নের জন্য, যুক্তি চর্চার মাধ্যমে সমাজের অন্যায় কুসংস্কারাচ্ছন্ন মরীচিকা দূর করবো আমরা শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব। আমরা শিক্ষার্থীদের মাঝে বিতর্ক চর্চার আলো ছড়িয়ে দিতে চাই। যার মাধ্যমে একটি যুক্তিশীল সমাজ গঠন সম্ভব হবে।
সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সিয়াম শিকদার বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন এক দল তরুণ, যারা যুক্তিকে প্রতিষ্ঠা করে সমাজ থেকে অন্যায় দূর করবে। বিতর্কই পারে যুক্তির শাসন প্রতিষ্ঠা করতে। একই সঙ্গে যুক্তি দিয়ে সমাজকে দুর্নীতি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন আমরা শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের মাঝে এই যুক্তিচর্চা অব্যাহত রাখতে সর্বদা কাজ করে যাবো, এ ব্যাপারে বরাবরের মতোই হল প্রশাসন হল সংসদসহ সবার সহযোগিতা পাবো বলে আশা করছি।