আফগানিস্তানে রকেট হামলা: পাঁচ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৩ জুলাই, ২০২১


আফগানিস্তানে রকেট হামলায় অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ২২ জুলাই, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের এসপিন গড় জেলায় এ ঘটনা ঘটেছে। খবর বার্তা সংস্থা ইরনা।

নানগারহারের প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মাদ ইয়াসিন দাবি করেছেন, আইএস জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। তবে তালেবান দাবি করেছেন, আফগান সেনাবাহিনী এ হামলার সাথে জড়িত।

প্রেসিডেন্ট আশরাফ গনি গত কয়েকদিন যাবত দেশটির সংঘর্ষপীড়িত প্রদেশগুলো সফর করছেন। সেই সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার নানগারহার প্রদেশে অবস্থান কালেই এ হামলা চালানো হয়। এর আগে গত বুধবার প্রেসিডেন্ট ঈদুল আযাহার নামাজরত থাকার সময়ও রকেট হামলা চালানো হয়। 

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা প্রত্যাহার শুরু হবার পর থেকেই দেশটির সেনাবাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষের হার বেড়ে গেছে। এরইমধ্যে আফগানিস্তানের অধিকাংশ জেলা দখলে নিয়েছে তালেবান।